এক বছর আগে চ্যাম্পিয়নস লিগে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল। তখন লিভারপুল প্রিমিয়ার লিগের শিরোপায় ছুটছিল প্রবল প্রতাপে। খেলায় আগ্নেয়গিরির উচ্ছ্বাস। পিএসজির কোচ লুইস এনরিকে তখন লিভারপুলকে দিয়েছিলেন সার্টিফিকেট—‘প্রায় নিখুঁত এক দল’।
কিন্তু সময় নির্মম। এক বছরের মধ্যে সবকিছু উলটে গেছে। আজ রাতে পার্ক দে প্রিন্সেসে আবার মুখোমুখি হলে ‘প্রায় নিখুঁত এক দল’ কথাটা পিএসজির সঙ্গেই বেশি খাপ খাবে।
গত মৌসুমের শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠে ১-০ গোলে হারলেও অ্যানফিল্ডে স্নায়ুর যুদ্ধে জয় করে টাইব্রেকারে ছিনিয়ে নিয়েছিল পিএসজি। সেই জয়টাই ছিল তাদের চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে সবচেয়ে বড় প্রেরণা। তারপর থেকে দুই দলের পথ দুই মেরুতে বিভক্ত। আর্নে স্লটের লিভারপুল গত মৌসুম প্রিমিয়ার লিগ জিতলেও এবার তাদের খেলা হতাশাজনক। প্যারিসে পৌঁছছে বিধ্বস্ত অবস্থায়।
ইফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে হারের ক্ষত এখনো সতেজ। কোচ স্লট বলেছেন, তাঁর খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতার অভাব দেখছেন। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে হার, পুরো মৌসুমে হারের সংখ্যা ১৫। প্রিমিয়ার লিগের টেবিলে ৫ নম্বরে থাকা দলটির এখন মূল লক্ষ্য আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া।
অন্যদিকে ইউরোপ-সেরা হয়ে পিএসজি যেন বসন্তের হাওয়ায় উড়ছে। চোটের জন্য মৌসুমের মাঝে ছন্দহীনতা এলেও ঠিক সময়ে ফিরে এসেছে এনরিকের দল। গত শুক্রবার তুলুজকে ৩-১ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে আরও শক্তিশালী হয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে দুর্দান্ত গোল করেছেন বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী উসমান দেম্বেলে। লিগে ১৭ ম্যাচে ১০ গোল এবং ৫ অ্যাসিস্ট তাঁর। আগের রাউন্ডে চেলসিকে একাই ধ্বংস করেছিলেন খিচা কাভারাস্কেইয়া।
তবে পিএসজির এক দুর্বলতা লক্ষণীয়—গোলরক্ষক মাতভেই সাফোনভের হাস্যকর ভুলগুলো। এনরিকে তাঁর গোলরক্ষককে ঢেকে বলছেন, ভুল ফুটবলের অংশ।
লিভারপুলের জন্য তুরুপের তাস হতে পারেন এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হুগো একিতিকে। ২৩ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের জন্য ম্যাচটি আবেগপূর্ণ। একসময় পিএসজিতে ব্রাত্য হয়েছিলেন। এমবাপ্পে-মেসি-নেইমারদের ভিড়ে ১৮ মাসে মাত্র ৪ গোল করে ক্লাব ছেড়েছিলেন। ফ্রাঙ্কফুর্ট ঘুরে লিভারপুলে এসে ৪৩ ম্যাচে ১৭ গোল করেছেন। জাতীয় দলের সতীর্থ দেম্বেলে মজা করে বললেন, ‘হুগো দারুণ ফর্মে আছে। শুধু আশা করি, আমাদের বিপক্ষে যেন ও ফর্মে না থাকে!’
চেনা মাঠে একিতিকে কি লিভারপুলকে বিশেষ উদযাপনের উপহার এনে দিতে পারবেন!






