রাজধানীতে গতকাল মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টি নেমেছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে বৃষ্টির পরিমাণ ছিল ৭ মিলিমিটার। সাধারণত বৃষ্টির পর ঢাকার বায়ুমান উন্নত হয়। কিন্তু আজ বুধবার সকালে বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। সকাল ৯টার দিকে শহরের বায়ুর মান ছিল ১৫২। এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এই বায়ুদূষণের চিত্র তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি নিয়মিত বায়ুদূষণের অবস্থা প্রকাশ করে। এর তৈরি লাইভ সূচক কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা মানুষকে জানিয়ে সতর্ক করে।
দেশের বায়ুদূষণ কমাতে একের পর এক প্রকল্প ও উদ্যোগের কথা বলা হলেও দূষণের মাত্রা কমছে না। বৃষ্টিকে দূষণ কমানোর ‘প্রাকৃতিক উপায়’ হিসেবে দেখা হয়। সাধারণত এপ্রিল বা মে মাসে ঝড়বৃষ্টি বাড়ে, যাতে দূষণ কমে। কিন্তু এখন তাও কাজ করছে না।
আজ বিশ্বের ১২১টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। এই নগরীর বায়ুর মান ১৮৪।
আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো
আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি। এখানকার বায়ুমান ১৭১। এরপর বারিধারা পার্ক রোর্ড (১৫৯), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫২), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৫২)।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর এই মানে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।






