তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি উত্তর আমেরিকার বক্স অফিসে মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে। প্রথম তিন দিনেই এটি রেকর্ড গড়েছে এবং যুক্তরাষ্ট্র ও কানাডার সম্মিলিত (ডমেস্টিক) বক্স অফিস চার্টের সেরা ২০–এর তালিকায় স্থান করে নিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা এই বক্স অফিসের সেরা ২০–এ জায়গা করে নিল।
বক্স অফিস মোজো ওয়েবসাইটের তথ্য অনুসারে, উত্তর আমেরিকার বক্স অফিসে ছবিটির অবস্থান ১৬–এ। মাত্র তিন দিনে এর মোট আয় হয়েছে ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার। ছবির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব ফেসবুকে খবরটি জানিয়ে লিখেছেন, “গত ৩ দিনে কানাডা ও আমেরিকার বক্স অফিসে “বনলতা এক্সপ্রেস” যা ঘটাল, সেটাকে “সুনামি” বললেও সঠিক বলা হচ্ছে না মনে হয়। এটা অবিশ্বাস্য অন্য রকম কিছু।”
পোস্টে অলিউল্লাহ সজীব আরও জানিয়েছেন, এর আগে উত্তর আমেরিকায় প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবির, যার আয় ছিল ১ লাখ ৫৯ হাজার ডলার। তবে ‘বনলতা এক্সপ্রেস’-এর এই সূচনা সেই রেকর্ডের খুব কাছাকাছি গিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘হাওয়া’ ছাড়া আর কোনো বাংলাদেশি ছবি প্রথম ৩ দিনে ৬৫ হাজার ডলারের গণ্ডিও পার করতে পারেনি।
শুধু ওপেনিং দিয়েই ‘বনলতা এক্সপ্রেস’ ইতিমধ্যে উত্তর আমেরিকায় সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্রে পরিণত হয়েছে। পেছনে ফেলেছে ‘তুফান’ (১ লাখ ৫০ হাজার ডলার), ‘প্রিয়তমা’ (১ লাখ ৩২ হাজার ডলার) ও ‘দেবী’কে (১ লাখ ২৫ হাজার ডলার), যেগুলো তাদের পুরো প্রদর্শনকাল মিলিয়ে এই আয় করেছিল। প্রথম তিন দিনের পারফরম্যান্স দেখে ধারণা করা হচ্ছে, ‘হাওয়া’র লাইফটাইম আয়ের (৩ লাখ ৫৮ হাজার ডলার) কাছাকাছি যেতে পারে ‘বনলতা এক্সপ্রেস’। এমনকি প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবিটি উত্তর আমেরিকায় সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হয়ে উঠতে পারে বলেও মনে করছেন ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক।
‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ। প্রযোজনায় আছে বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজনায় হইচই স্টুডিওস।
প্রথম সপ্তাহে ‘বনলতা এক্সপ্রেস’ কানাডার টরন্টো, ভ্যাঙ্কুভারসহ বিভিন্ন শহর; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ডালাস, হিউস্টন, ওয়াশিংটন ডিসি এবং যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহামসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় ছবিটি প্রদর্শিত হয়েছে।






