যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ভ্যালেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় মার্কিন র্যাপার অফসেট। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তার প্রতিনিধি। চলচ্চিত্র সংক্রান্ত মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া বিবৃতিতে অফসেটের মুখপাত্র বলেন, “আমরা নিশ্চিত করছি, অফসেট গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি স্থিতিশীল আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ঘটনাটি ঘটে গতকাল সোমবার। ঘটনার পুরো বিবরণ এখনো জানা যায়নি। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ক্যাসিনোর কাছাকাছি এলাকায় এই হামলা হয়।
স্থানীয় সেমিনোল পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, সোমবার সন্ধ্যা ৭টার পর হোটেলের বাইরে ভ্যালেট এলাকায় একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর নয় বলেও জানানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে দ্রুত নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয় এবং দুজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। হোটেলের কার্যক্রম স্বাভাবিক চলছে।
৩৪ বছর বয়সী এই শিল্পীর আসল নাম কিয়ারি সিফাস। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি জনপ্রিয় হিপহপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে পরিচিত। কোয়াভো ও টেকঅফের সঙ্গে মিলে তিনি এই দল গঠন করেন। ‘ব্যাড অ্যান্ড বুজি’–এর মতো হিট গান ও ‘কালচার’–এর মতো অ্যালবামের মাধ্যমে তারা গত দশকের অন্যতম প্রভাবশালী র্যাপ গ্রুপে পরিণত হয়।
২০১৯ সালে অফসেট একক শিল্পী হিসেবে ‘ফাদার অব ৪’ অ্যালবাম প্রকাশ করেন। এরপর ‘সেট ইট অফ’ ও ‘কিয়ারা’ নিয়ে আসেন। ২০২২ সালে তার চাচাতো ভাই ও সহশিল্পী টেকঅফ হিউস্টনে গুলিতে নিহত হন। পরের বছর এক সাক্ষাৎকারে সেই শোকের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, “প্রতিদিন মনে হয়, এটা সত্যি নয়। আমি কারও সঙ্গে এ নিয়ে কথা বলি না।”
এই নতুন ঘটনায় অফসেটের ভক্ত ও সংগীতজগতের সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
ভ্যারাইটি অবলম্বনে






