অতি সংক্রামক হামে ও ‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে এক শিশু এবং সন্দেহজনক হামে ১০ শিশুর মৃত্যু ঘটেছে। এসব মৃত্যুর বেশিরভাগই ঢাকা বিভাগে হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ২১ শিশু এবং সন্দেহজনক হামে ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। আজকের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত শিশুদের নয়জন ঢাকা বিভাগের এবং বাকি দুজন রাজশাহী ও সিলেট বিভাগের। প্রতিবেদন অনুসারে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ২১ শিশু মারা গেছে এবং সন্দেহজনক হামে ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে ৬৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ২২৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশু ১ হাজার ৩৯৮ জন। সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগী ৬ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগী ৪ হাজার ৬৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, সংখ্যা ২৫৬। এরপর চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯২, খুলনায় ৬৫, বরিশালে ৫০, সিলেটে ২১, রংপুরে ১৭ এবং ময়মনসিংহে ১৫ জন। এদের মধ্যে ৫৮৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছে, যার মধ্যে ঢাকায় ২৩৮ ও চট্টগ্রামে ৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে আসা রোগী ১ হাজার ২৩৬ জন। এ নিয়ে গত ২৪ দিনে হাসপাতালে আসা ৯ হাজার ৮৮৩ জনের মধ্যে ৬ হাজার ৮৮৩ জন ভর্তি হয়েছে এবং ৪ হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে।