তামিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের জন্য দক্ষিণ ভারতের ছোটপর্দায় পরিচিত ছিলেন তিনি। গতকাল সোমবার চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

শ্রীলঙ্কায় জন্মগ্রহণকারী ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী চেন্নাইয়ের পোরুর কাছে আইয়্যাপ্পন্থাঙ্গলের একটি ভাড়া বাসায় থাকতেন। শুটিংয়ের সময় তিনি সেখানেই অবস্থান করতেন। গত মাসের শুরুতে তিনি এই বাসায় ওঠেন। গত রবিবার রাতে সেই বাসায়ই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সুভাষিণী স্বামী বিপিন চন্দ্রণের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথোপকথনের মাঝে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। সেই তর্কেরই মধ্যে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরিস্থিতি বুঝতে পেরে স্বামী দ্রুত অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীদের খবর দেন এবং পরে পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুভাষিণীকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ সরকারি কিলপক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীলঙ্কার এই মেয়ে সবসময় অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই স্বপ্ন নিয়ে চলে আসেন চেন্নাইয়ে। তামিল বিনোদনজগতে নিজের জায়গা করে নেওয়া সহজ ছিল না। অডিশন, ছোটখাটো চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যান তিনি। অধ্যবসায় ও অভিনয়ের প্রতি ভালোবাসা নিয়ে ধীরে ধীরে নতুন সুযোগ পান। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান শক্ত করেন।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে