১৮ বছর আগে জনপ্রিয় হয়ে ওঠা গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ নতুন রূপে শ্রোতাদের সামনে এসে দাঁড়াবে। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। দেড় যুগ পার হলেও দেশ-বিদেশের মঞ্চে এখনো এটি সমানভাবে জনপ্রিয়, বিশেষ করে নৃত্যশিল্পীদের পরিবেশনায় আরও উচ্ছ্বাস সৃষ্টি করে।
সোনিয়া কিন্তু দীর্ঘদিন ধরে সংগীতজগত থেকে বিদায় নিয়েছেন। বিয়ে করে সংসারী হয়ে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। এক দশকেরও বেশি সময় গান থেকে দূরে থাকলেও তাঁর গাওয়া এই গানটি শ্রোতাদের হৃদয়ে অটুট রয়েছে। এই জনপ্রিয়তাকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে পৌঁছে দিতে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল গানটির পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।
মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে অংশ নিয়েছেন। গানটির অডিও রেকর্ডিং এবং ভিডিও ধারণের কাজ সম্পন্ন হয়েছে। নতুন সংস্করণে রয়েছে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং সময়োপযোগী ভিডিও উপস্থাপনা।
শওকত আলী ইমন গানটি নিয়ে বলেন, “একটা গান যখন সময়ের সীমানা পেরিয়ে মানুষের জীবনের অংশ হয়ে যায়, তখন সেটি শুধু গান থাকে না—অন্য রকম একটা অনুভূতি হয়ে ওঠে। “বাজেরে বাজে ঢোল আর ঢাক” ঠিক তেমনই একটি গান। ১৮ বছর আগে যেভাবে মানুষ গানটিকে গ্রহণ করেছিল, আজও সেই ভালোবাসা একই রকম আছে। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, জেন–জি শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে গ্রহণ করবে।”
নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে এবং চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, লুইপা, আনিসা ও পাওয়ার ভয়েসের কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। ভিডিও চিত্র নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সম্প্রতি ঢাকায় ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে। বাংলা নববর্ষকে সামনে রেখে ৯ এপ্রিল গানটি প্রকাশিত হবে।






