বাংলাদেশের তরুণ গায়ক তাশফী বলিউডের সংগীতজগতে পা রাখলেন জনপ্রিয় র্যাপার বাদশাহ এবং অভিনেত্রী-গায়িকা নোরা ফাতেহির সঙ্গে ‘সাজনা রে’ গানে কণ্ঠ দিয়ে। টি-সিরিজ ব্যানারে ৩ এপ্রিল মুক্তি পাওয়ার পর গানটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। মুক্তির অল্পকিছু দিনেই ভিউ সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়ে গেছে, যা নতুন শিল্পী তাশফীর জন্য উল্লেখযোগ্য সাফল্য।
গানের সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশি সঙ্গীত পরিচালক সঞ্জয়, যিনি আগেও বলিউড প্রজেক্টে কাজ করেছেন। বাদশাহ নিজেই র্যাপ অংশসহ পুরো গানের কথা লিখেছেন। আধুনিক সাউন্ড, দুর্দান্ত মিউজিক ভিডিও এবং তারকাদের উপস্থিতিতে গানটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে।
এই বড় প্রজেক্টে যোগদান তাশফীর কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আজ সোমবার মুক্তকণ্ঠের সঙ্গে কথায় তিনি বলেন, গত বছরের শেষ দিকে ঢাকায় এসে সঞ্জয় হঠাৎ তাঁকে স্টুডিও ডেকে পাঠান। তাশফী বলেন, ‘সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। সে প্রায়ই বাংলাদেশে আসে-যায়। একদিন ফোন করে বলল, ‘স্টুডিওতে আসতে পারবা? একটা গান আছে।’ আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তী সময়ে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।’
গান মুক্তির পর পুরো ব্যাপার জানতে তাশফী অবাক হয়ে যান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর ভাষায়, ‘বলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে, তা–ও আবার টি-সিরিজের ব্যানারে আমার প্রথম কাজ—এটা সত্যিই স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি আনন্দের ব্যাপার।’
দীর্ঘ সাধনা ও পরিশ্রমের ফল এই সাফল্য বলে তাশফী মনে করেন। তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ—তবে এই মুহূর্তটাকে নিজের বলেও মনে করি। কারণ, এই জায়গায় পৌঁছাতে অনেক সময়, পরিশ্রম আর ধৈর্য লেগেছে।’ পরিবারকে বলেন, ‘তোমরাই আমার শক্তির ভিত্তি।’ বন্ধুদের উদ্দেশে বলেন, ‘তোমরা সব সময় আমাকে এমনভাবে সমর্থন করেছ, যেন এই সাফল্য আগেই নিশ্চিত ছিল।’ ভক্তদের প্রতি বলেন, ‘তোমাদের ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সমর্থনই আমাকে সামনে এগিয়ে নিয়েছে। এই অর্জন আমাদের সবার।’
তাশফী এই সাফল্যকে শুরু মাত্র মনে করেন। তিনি বলেন, ‘এ তো কেবল শুরু। ইনশা আল্লাহ, সামনে আরও ভালো কাজ নিয়ে আসতে চাই।’






