১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেসপারাডো’ সিনেমা সালমা হায়েকের ক্যারিয়ারে নতুন মোড় ঘুরিয়ে দেয়। এই আমেরিকান নিউ ওয়েস্টার্ন অ্যাকশন চলচ্চিত্র তাঁর ক্যারিয়ারকে এগিয়ে নেয়, কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যের কারণে বিতর্কও তৈরি হয়। টুডে ডটকমের এক পডকাস্টে সেই দৃশ্য নিয়ে সালমা মুখ খুলেছেন। তিনি বলেন, ‘ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের আগে ফুঁপিয়ে কেঁদেছিলাম।’
সাক্ষাৎকারে সালমা জানান, দৃশ্যটির আগে তিনি ভয় পেয়ে যান। বিশেষ করে সহশিল্পী আন্তোনিও বান্দেরাস বিষয়টি হালকাভাবে নেবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছিলেন। তিনি বলেন, ‘বান্দেরাস পুরো পরিস্থিতিতে ছিলেন ভীষণ সহানুভূতিশীল ও ভদ্র।’ সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন আন্তোনিও বান্দেরাস, যিনি এল মারিয়াচি চরিত্রে অভিনয় করেন। সালমা হায়েকের চরিত্রের নাম ছিল ক্যারোলিনা।
সহশিল্পীর সঙ্গে আগে থেকে ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল। বান্দেরাসের মিশুক প্রকৃতিই সালমার জন্য ভয়ের কারণ হয়। তিনি বলেন, ‘আমি শুটিং শুরু করতে যাচ্ছি। আমি জানি না যে আমি কী করতে পারি, আর কী করব। ভয় পেয়েছিলাম। তখন আমি কান্না করে ফেলি।’
স্মৃতিচারণ করে সালমা আরও বলেন, ‘এমন খোলামেলা দৃশ্যে অভিনয় করার ব্যাপারটা অস্বস্তির ছিল। যে কারণে বারবার বিব্রত হচ্ছিলাম।’ সহশিল্পী নানাভাবে সাহায্য করার চেষ্টা করলেও তিনি এতটাই বিব্রত ছিলেন যে কান্না থামাতে পারেননি।
পুরো দৃশ্যজুড়ে সালমা স্বাভাবিক হতে পারছিলেন না। শরীর থেকে তোয়ালে ছাড়তে গেলেও সংকোচে পড়ছিলেন। নির্মাতা ও কলাকুশলীরা পরিবেশ হালকা করার চেষ্টা করলেও তিনি বারবার আবেগাপ্লুত হচ্ছিলেন। শেষ পর্যন্ত সবাই পরিস্থিতি সামলে দৃশ্যটি সম্পন্ন করে। সিনেমাটি পরিচালনা করেন রবার্ট রদ্রিগেজ এবং ব্যবসায়িকভাবেও সফল হয়।






