সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছিল। এখন এই নিয়োগ বাতিল করে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশ অনুসারে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ পেয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসান…এর সহকারী অ্যাটর্নি জেনারেল পদে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে দেওয়া নিয়োগ আদেশ বাতিল করে তাঁকে ওই পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল আহমদ মুসাননা চৌধুরী ও মুহা. মুজাহিদুল ইসলাম ব্যক্তিগত কারণ উল্লেখ করে ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।

ওই দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদত্যাগপত্র দেওয়ার আগ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০। এ কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩।