রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্রীদের যাতায়াত সহজ করতে চালু হয়েছে বৈদ্যুতিক গাড়ি সেবা। আজ সোমবার থেকে এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক গাড়িটির উদ্বোধন করেন। যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের অধীনে এটি তৈরি হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক শাহজাদা মাহমুদুল হাসান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি জ্বালানিসংকটের কারণে ক্যাম্পাসে চলাচলকারী কিছু ডিজেলচালিত বাসের ট্রিপ কমিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে অসুবিধা হয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে রুয়েটের গবেষকরা কম খরচে চলমান এবং জ্বালানির উপর নির্ভরশীলতা কম বৈদ্যুতিক গাড়ি তৈরির উদ্যোগ নেন।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়ির উৎপাদনে খরচ হয়েছে ৫–৬ লাখ টাকা। রুয়েটের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই গাড়িটি তুলনামূলকভাবে সাশ্রয়ী।

প্রাথমিকভাবে এই যাতায়াত সেবা শুধু ছাত্রীদের জন্য চালু হয়েছে এবং তাঁদের কোনো ভাড়া দিতে হবে না। গাড়িটির আসন সংখ্যা ১২। এটি ছাত্রীদের আবাসিক হল থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাবে এবং প্রতি ২০ মিনিট পরপর চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক বলেন, বাইরে থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাত থেকেই গাড়িটি তৈরি করা হয়েছে। এতে গবেষণাকে উৎসাহ দেওয়া হয়েছে, পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব প্রয়োগভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

প্রকল্পের প্রধান শাহজাদা মাহমুদুল হাসান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (ওবিই) লক্ষ্য অর্জনের পাশাপাশি বাস্তব সমস্যার একটি টেকসই সমাধান দিতে পেরেছি।’ ক্যাম্পাসে ছাত্রীদের আবাসিক হল একাডেমিক ভবন থেকে দূরে। এটা তাঁদের জন্য খুবই উপকারী হয়েছে। এ রকম গাড়ি আরও দরকার। রুট পারমিট পেলে এটি ক্যাম্পাসের বাইরেও চালানো সম্ভব হবে।