নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের আবদুল মতিনের বাড়িতে স্থাপিত নতুন নলকূপ থেকে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরলেই আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়েছে, দূরদূরান্ত থেকে অনেকে প্রতিদিন ওই বাড়িতে জড়ো হচ্ছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মাসখানেক আগে আবদুল মতিন গৃহস্থালির প্রয়োজনে বাড়ির পাশে ৬০ ফুট গভীরে নলকূপ বসান। শুরু থেকেই পানিতে গন্ধ পাওয়া যাচ্ছিল এবং পানি বের হওয়ার সময় বুদবুদ শব্দ হচ্ছিল, ফলে তারা পানি ব্যবহার করতে পারছিলেন না। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের এক সদস্য কৌতূহলবশত টিউবওয়েলের মুখে জ্বলন্ত দিয়াশলাই ধরলে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবরটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং অনেকে দেখতে আসেন।

আবদুল মতিন বলেন, নলকূপের মুখ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে, যা তাঁদের আতঙ্কিত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহ আলম বলেন, ওই ঘটনা সম্পর্কে তাঁর জানা নেই। এ ধরনের গ্যাস নির্গমনের বিষয়টি দেখভালের জন্য সরকারের আলাদা বিভাগ রয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে ওই বিভাগ নিজ উদ্যোগে পরীক্ষা-নিরীক্ষা করবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।