অভিনেত্রী সেলিনা জেটলি ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন এবং বিচ্ছেদের মামলা চলছে। এছাড়া ২০২৪ সাল থেকে তাঁর ভাই সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন, যিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। এই সব পরিস্থিতিতে তাঁর মানসিক স্বাস্থ্য খারাপ হয়েছে কিন্তু এখন সুস্থতার পথে এগোচ্ছেন বলে জানিয়েছেন। একাধিক ঝলমলে ছবি শেয়ার করে তিনি এই কথা বলেছেন।
কঠিন সময়ের সঙ্গে কীভাবে মানিয়ে নিচ্ছেন সেলিনা জেটলি? কীভাবে রয়েছেন উজ্জ্বল? নিজেকে মানসিকভাবে সুস্থ করার গল্প শোনালেন তিনি। অভিনেত্রী জানান, এমন দিনও গেছে যখন একা কেঁদেছেন। কখনো বুকের ভিতর হু হু করে উঠেছে, মনে হয়েছে লড়াই ছেড়ে পালিয়ে যাওয়াই একমাত্র পথ। কিন্তু সেলিনা তা করেননি। বরং এসবের মধ্যে নিজের সঙ্গে একাত্ম হয়েছেন, শান্তি খুঁজে পেয়েছেন। সময়ের সঙ্গে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লিখেছেন, “যদি আমাকে সুখে থাকতে, আমার পছন্দের খাবার খেতে, সুন্দর পোশাক পরে হাসতে দেখেন…তাহলে আমাকে আমার মতো থাকতে দেবেন। যে রাতগুলো আমি একা কেঁদেছি, তখন আপনারা ছিলেন না। যখন নিজেকে পুরোপুরি শূন্য মনে হয়েছে, তখনো আপনারা ছিলেন না। আমি একাই টিকে থাকতে শিখেছি। তাই এখন আমাকে হাসতে দেখলে বুঝবেন, এই পথটা সহজ ছিল না।”
ভালোবাসা ভাঙা সম্পর্ক সারাতে পারে না, বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন সেলিনা। তাঁর মুখের হাসি অনেক যন্ত্রণা থেকে গড়ে উঠেছে বলে জানিয়েছেন। এই হাসি তিনি অর্জন করেছেন। তিনি বলেন, “দুনিয়ার পেছনে ছুটে লাভ নেই, নিজের কাছেই ফিরে আসা প্রয়োজন। নিজের কাছে ফিরে এসে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করুন।”
১৪ বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে সেলিনা জেটলি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১১ সালের ‘থ্যাঙ্ক ইউ’ ছবিতে নায়িকা হিসেবে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে






