সংগীতশিল্পী মানন কি গার্ল গ্রুপ ক্যাটস আই ছাড়ছেন? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তিনি ইনস্টাগ্রাম থেকে ক্যাটস আইয়ের নাম সরিয়ে নিয়েছেন।

কেউ কেউ মনে করছেন, গ্রুপ না ছাড়লে মানন নামটি সরাতেন না। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর আগে হাইব ও গেফেন রেকর্ডস জানিয়েছে, মানন কিছুদিনের জন্য ক্যাটস আই থেকে বিরতিতে যাচ্ছেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে।

ইনস্টাগ্রাম থেকে গ্রুপের নাম সরানোর পর গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে হাইব ও গেফেন রেকর্ডস এ নিয়ে এখনো কিছু বলেনি।

এদিকে, ১০ এপ্রিল কালিফোর্নিয়ায় কোআচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে ক্যাটস আইয়ের গাওয়ার কথা রয়েছে। সেখানে মানন থাকবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ফেব্রুয়ারি থেকে মানন বিরতিতে রয়েছেন। তাঁর ফেরার সময়সূচি এখনো জানানো হয়নি।

এর মধ্যে উইভার্সে ভক্তদের উদ্দেশে মানন লিখেছেন, ‘আমার প্রতি তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এই সময়ে সবাই যে ধৈর্য ও সহমর্মিতা দেখিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ।’

মানন আরও লিখেছেন, ‘হাইব ও গেফেন রেকর্ডসের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি। শিগগিরই বিস্তারিত জানাব।’

আগামী বৃহস্পতিবার ক্যাটস আই নতুন সিঙ্গেল ‘পিংকি আপ’ প্রকাশ করছে।