ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে।

আজ রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে শামছুল ইসলামের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।