চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটায় সৃষ্ট বিশাল গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হারুয়ালছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলেন হারুয়ালছড়ি গ্রামের মুহাম্মদ হানিফের মেয়ে ফারজানা আকতার (৯) এবং হাবিবুর রহমানের মেয়ে শিশুশ্রেণিতে পড়ুয়া সানজিদা আকতার (৭)। ফারজানা স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে এবং সানজিদা শিশুশ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গ্রামের ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার কারণে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়েছিল। পানি জমে সেটি ডোবায় পরিণত হয়। এর পাশে খেলছিল ফারজানা, সানজিদাসহ তিন শিশু। খেলার একপর্যায়ে দুজন পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা এসে পানিতে তল্লাশি করে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”






