রাজধানীর মহাখালী ও নাবিস্কো এলাকায় তেজগাঁও লিংক রোডের মুখে বেতনের দাবিতে আজ রোববার সকাল ১০টার দিকে আধঘণ্টা সড়ক অবরোধ করে নাসা গ্রুপের শত শত পোশাকশ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন।
অবরোধের জেরে তেজগাঁও থেকে মহাখালী হয়ে উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁওমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে মহাখালী থেকে উত্তরার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে যানজটের সৃষ্টি হয়। গুলশান ট্রাফিক পুলিশ বিকল্প কয়েকটি পথে যাতায়াতের পরামর্শ দিয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রাসেল রানা দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, "সকাল সাড়ে ১০টার পর শ্রমিকদের বুঝিয়ে মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তারা কারখানার সামনে অবস্থান করছে।"
যানজট এড়াতে পথচারীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গুলশান ট্রাফিক পুলিশ জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাচ্ছে। এ ছাড়া মহাখালী উড়ালসড়ক দিয়ে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওয়ের দিকে যাতায়াত করতে বলা হয়েছে।
কাকলী মোড় থেকে বাঁয়ে ঘুরে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার বা গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী পথও খোলা রয়েছে। একইভাবে বিপরীত দিক থেকেও এসব বিকল্প পথ ব্যবহার করে চলাচল করা যাচ্ছে।






