চারদিকে দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত। মাঠে দুজন বলী প্রাণপণে কুস্তির লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য। তাঁদের লড়াই শেষ হলেই আবার নতুন দুজন নামছেন মাঠে। এভাবেই পালাক্রমে চলতে থাকে খেলা।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে শতবর্ষের ঐতিহ্যবাহী বলীখেলা প্রায় শতাধিক বলীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট মাঠে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা থেকে বলীরা অংশ নেন। তবে দর্শকদের বিশৃঙ্খলার কারণে আয়োজক কমিটিকে প্রথম ও দ্বিতীয় পুরস্কার নির্ধারণ স্থগিত রেখেই খেলার সমাপ্তি ঘোষণা করতে হয়েছে।

বলীখেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শত বছরের বেশি সময় ধরে এই বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও স্থানীয় যুবকদের উদ্যোগে খেলার আয়োজন করা হয়েছে। এবারের আসরে নোয়াখালীর মোশারফ বলী, কুমিল্লার বাঘা শরিফ, রাশেদ মাল, শাহজাহান ও টাইগার নয়ন; ব্রাহ্মণবাড়িয়ার তাহসাহিন, আমিন বলী, বাদশা বলী এবং মিরসরাইয়ের লুদ্দাখালীর কামরুল বলীসহ অনেকে অংশগ্রহণ করেছেন।

বলীখেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। খেলার উদ্বোধন করেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন।

বলীখেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান মুক্তকণ্ঠকে বলেন, ‘প্রায় অর্ধলক্ষ দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক বলী অংশগ্রহণ করেন।’ প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই সমাপ্তি ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় পুরস্কার দর্শকের বিশৃঙ্খলার কারণে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’