ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে এ কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পরিদর্শক হাসানুল আলম এবং কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন।
উদ্ধারকৃত পাঁচ মরদেহের মধ্যে তিনজন নারী, একজনের পরিচয় শনাক্ত হয়েছে। বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকার কারখানাটিতে আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভানো সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের সময় কারখানার ‘প্রধান ফটক ছিল তালাবদ্ধ’।






