ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আজ বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের এই কারখানায় আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা অবিরাম চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস কাজ করছে।”

ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, শনিবার খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।