প্রতি সপ্তাহে হলে অনেক সিনেমা মুক্তি পায় সারা দুনিয়ায়। প্রতিনিয়ত ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিনেমা-সিরিজ আসছে। অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ব্যবহারকারীদের আগ্রহের ভিত্তিতে তৈরি হয় ‘ফ্যান ফেবারিট’ তালিকা। এই দর্শকপ্রিয় সিনেমা-সিরিজগুলোর তালিকা দেখে নিন।

তালিকার শীর্ষে রয়েছে গত ২০ মার্চ মুক্তিপ্রাপ্ত ‘প্রজেক্ট হেইল মেরি।’ একজন বিজ্ঞান শিক্ষকের রহস্যময় গল্প নিয়ে তৈরি এই সিনেমায় হঠাৎ একটি মহাকাশযানে জেগে ওঠেন তিনি। ধীরে ধীরে তাঁর মনে পড়ে যায়, পৃথিবীর সূর্যকে ধ্বংস করছে এক রহস্যময় পদার্থ। এই বিপদ মোকাবিলার জন্যই তাঁর মিশন। দ্য ফল গাই সিনেমার দুই বছর পর রায়ান গসলিংয়ের নতুন সিনেমা দর্শকরা পছন্দ করেছেন। ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার পরিচালনা করেছেন সিনেমাটি। এর আইএমডিবি রেটিং ৮.৪।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন।’ বিয়ে উদযাপনের ঠিক এক সপ্তাহ আগে অদ্ভুত এক ঘটনা ঘটে এই সিরিজে। চরিত্রগুলোর দ্বন্দ্ব ও উত্তেজনা দর্শককে শেষ পর্যন্ত আটকে রাখবে। সিরিজটির রেটিং ৬.৮। ২৬ মার্চ নেটফ্লিক্সে এটি মুক্তি পেয়েছে। হেইলি জেড বস্টন পরিচালনা করেছেন।

গোল্ডেন গ্লোবে ড্রামা বিভাগে এ বছর সেরা টেলিভিশন সিরিজ ‘দ্য পিট’ দর্শকদের তালিকায় তৃতীয়। একটি মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগের গল্প নিয়ে এই সিরিজ। বিভিন্ন রোগী চিকিৎসা নিতে আসে এখানে, তাদের ঘিরে জটিলতা তৈরি হয়। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৯। আর স্কট গেমিল তৈরি করেছেন। গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন নোয়া ওয়াইল, প্যাট্রিক বল, ক্যাথরিন লা-নাসা। এটি এইচবিও ম্যাক্সে দেখা যাচ্ছে।

শোক কাটাতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া হয়ে ওঠে অ্যাকশন অ্যাডভেঞ্চার—এই গল্প ‘দ্য ম্যাডিসন’ সিরিজের। প্যারামাউন্ট প্লাস অরিজিনালে এটি উপলব্ধ। টেইলর শেরিডান পরিচালনা করেছেন। এক দুঃখজনক ঘটনায় নিউইয়র্কের এক পরিবারের জীবন বিপর্যস্ত হয়। মন্টানার গ্রামীণ অঞ্চলে ছুটি কাটাতে গিয়ে তারা মানবিক সংকটের মুখোমুখি হয়। সিরিজটির রেটিং ৮।

টম হার্পারের নতুন সিনেমা পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান তালিকায় পঞ্চম। জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্সের পরবর্তী কাহিনি এটি। ২৯ মার্চ মুক্তি পেয়েছে। রেটিং ৬.৬। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টমি শেলবি (কিলিয়ান মার্ফি) বোমা বিধ্বস্ত বার্মিংহামে ফিরে আসেন। অতীতের সঙ্গে মোকাবিলায় নতুন হুমকির মুখে পড়ে গোপন যুদ্ধ মিশনে যুক্ত হন।