দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে স্বাস্থ্য অধিদপ্তর আপৎকালীন সময়ের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সকল ছুটি বাতিল করেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের একটি অফিস আদেশে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়েছে। ইতিমধ্যে দেশের ৫৬টি জেলায় এই রোগের সংক্রমণ ছড়িয়েছে। হামে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে।