নোয়াখালী শহরের একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে পুলিশ একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গতকালই ছাত্রের বাবা গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।

গ্রেপ্তার শিক্ষক মোহাম্মদ মারুফ (২২)। তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর আজ দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত জামিন অস্বীকার করে তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদ মারুফ ওই ছাত্রের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রের বাবার অভিযোগ, ঈদের ছুটিতে তাঁর ছেলে বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ করেন সে মানসিকভাবে ভেঙে পড়েছে, ঠিকমতো কারও সঙ্গে কথা বলছে না। এ বিষয়ে বারবার জানতে চাওয়া হলে একপর্যায়ে সে মাদ্রাসায় শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করে। এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছে।

জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য মুক্তকণ্ঠকে বলেন, অভিযুক্ত শিক্ষককে গতকাল রাতে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে ওই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।