ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে কিছুদিন আগে টিউমার ধরা পড়ে। অল্প সময়ের মধ্যেই তাঁর তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার একটি ফেসবুক পোস্টে তৃতীয় অস্ত্রোপচারের খবর জানিয়েছেন তিনি।

ফেসবুকে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।’ এই পোস্টের মন্তব্যে সহকর্মী ও ভক্তরা তাঁকে সাহস জুগিয়ে দোয়া করেছেন। অভিনয়শিল্পী কচি খন্দকার লিখেছেন, ‘জীবন সত্য এবং সুন্দর—শুভকামনা।’ নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে।’ নির্মাতা গৌতম কৈরী লিখেছেন, ‘জীবন সুন্দর। দ্রুত সুস্থ হয়ে উঠুন। চিত্রনাট্য কিন্তু তৈরি আছে।’

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর প্রথম অস্ত্রোপচারের পর তানিয়া বৃষ্টি ফেসবুক লাইভ করেন। গত ৪ মার্চ রাতে সেই লাইভে তিনি নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত বলেন। তিনি জানান, কিছুদিন আগে মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসকদের পরামর্শে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম অস্ত্রোপচার হয়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাই নেওয়া হয়। গত মার্চ মাসে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় অস্ত্রোপচার হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের পর দেশে ফিরলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতে তৃতীয় অস্ত্রোপচারের জন্য আবার ভারতে যেতে হয়। ১ এপ্রিল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে লেখেন, ‘শুরু করি আবার।’