রাজধানীর রামপুরার বনশ্রীতে বৃহস্পতিবার রাতে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত সুমন কাজী (৩২)। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। অবিবাহিত সুমন ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করতেন। বোনের সঙ্গে বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন।
রামপুরা থানার পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, গতকাল সুমন তাঁর ভাগনে মুয়াজকে (৭) নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকার জন্য রওনা হন। রাত ১১টার দিকে বনশ্রীর ডি ব্লক এলাকায় পৌঁছাতেই দ্রুতগতির একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে আঘাত করে। সুমন ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনের আসনে থাকা ভাগনে মুয়াজ অক্ষত রয়েছেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল দিবাগত রাত দুইটার দিকে সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
সুমনের মামা শাহাদত হোসেন মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে গতকাল গভীর রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজের মর্গে যান। সেখানে সুমনের লাশ দেখতে পান।






