ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রদানকারী নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লেনদেনে নতুন রেকর্ড গড়েছে। এ সময় প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে প্রায় ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকার বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। এক প্রান্তিকে এটি নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। গতকাল বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই রেকর্ড ছাড়াও চলতি বছরের প্রথম প্রান্তিকে নগদ গ্রাহকের সম্পৃক্ততা ও লেনদেনের সংখ্যায় নতুন মাইলফলক অর্জন করেছে। জানুয়ারি মাসে লেনদেন হয়েছে ৪০ হাজার ৩০১ কোটি টাকা, মার্চে তা বেড়ে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা হয়। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের কারণে নগদসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারীদের লেনদেনে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়, ফলে ওই মাসে লেনদেন ছিল ২৯ হাজার ৫৮৫ কোটি টাকা।
নগদ জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তাদের লেনদেন ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা, পরবর্তী প্রান্তিকে কমে ৯১ হাজার ৩৩৩ কোটি টাকা হয়। তৃতীয় প্রান্তিকে তা বেড়ে ৯২ হাজার ১২৫ কোটি টাকা এবং শেষ প্রান্তিকে প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকার মাইলফলক অতিক্রম করে ১ লাখ ২ হাজার ৩৮১ কোটি টাকা লেনদেন হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ গ্রাহকদের আস্থা বাড়ায় নগদ ধারাবাহিকভাবে স্থিতিশীল ও ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখে এগিয়ে যাচ্ছে। এই প্রবৃদ্ধি কোম্পানির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ধারাকে প্রতিফলিত করছে। এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে নগদে সর্বকালের সবচেয়ে বেশি ব্যাংক অ্যাড মানি, পেমেন্ট ও প্রবাসী আয় এসেছে। এ সময় নগদের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণও করা হয়েছে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “নগদের এমন প্রবৃদ্ধি ও লেনদেন ইতিবাচক। এ ছাড়া লেনদেনে খরচ কম হওয়ায় দেশের নিম্নমধ্যবিত্ত ও গরিব মানুষের কাছে নগদ জনপ্রিয়। নগদে এক হাজার টাকায় ক্যাশ আউট চার্জ সাড়ে ছয় টাকা, যা দেশের বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে সবচেয়ে কম।”
মো. মোতাছিম বিল্লাহ আরও বলেন, “নগদে সেন্ড মানি সেবা ফ্রি। পাশাপাশি প্রবাসী আয় গ্রহণে খরচ কম হওয়ায় নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এর ফলে প্রতি মাসে বা প্রতি প্রান্তিকে নগদ নিজের করা রেকর্ডগুলো ভাঙতে পারছে। এ ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’






