রাজধানীর মঞ্চপাড়ায় স্থবিরতার দিন কাটিয়ে আবার চাঞ্চল্য ফিরে এসেছে। প্রায় প্রতিদিন নাটক মঞ্চস্থ হচ্ছে। গতকাল বুধবার একাধিক নাটক দেখানো হয়েছে, আজও হয়েছে।

ঢাকার মঞ্চে নাট্যদল আপস্টেজের প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’ ফিরে এসেছে। বুদ্ধদেব বসুর উপন্যাস অবলম্বনে লেখা এই নাটকটি প্রথম মঞ্চে আসে ২০১৯ সালের ১৯ জুলাই। সর্বশেষ মঞ্চস্থ হয় ২০২০ সালের ৪ মার্চ। নতুন উদ্যমে আবার মঞ্চায়ন করা হয়েছে। ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী আয়োজিত হয়েছে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ছিল প্রথম শো। আজ বৃহস্পতিবার একই সময়ে এবং আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাকি দুটি প্রদর্শনী। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। অভিনয়ে আছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার ও রঞ্জন দে সাথী।

প্রায় দুই বছর পর জাতীয় নাট্যশালার মঞ্চে ফিরেছে প্রাঙ্গণেমোর। ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় তাদের দুটি প্রযোজনা—‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ হচ্ছে।

গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ‘শেষের কবিতা’ মঞ্চে এসেছে। অনন্ত হিরার নাট্যরূপে নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। আজ ছিল ‘টিনের তলোয়ার’। উৎপল দত্তের এই নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে লেখা নাটকটির বক্তব্য এখনো সমান প্রাসঙ্গিক বলে মনে করেন নির্দেশক।

জাতীয় নাট্যশালায় সুযোগ না পেলেও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নিয়মিত প্রদর্শনী চালিয়ে গেছে প্রাঙ্গণেমোর। তবে নাট্যকর্মীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিল্পকলার মূল মিলনায়তনে ফিরে আসাকে বিশেষভাবে উদযাপন করছেন তাঁরা।

সমাপনী প্রযোজনা হিসেবে গতকাল জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় আরণ্যক থিয়েটার পাঠশালার ‘গানের পাখি’ মঞ্চস্থ হয়েছে। নাটকটি লিখেছেন আবুল মোমেন এবং নির্দেশনা দিয়েছেন রুবলী চৌধুরী। আরণ্যক থিয়েটার পাঠশালা নিয়মিত কর্মশালার আয়োজন করে থাকে। ২৩তম কোর্সের অংশগ্রহণকারীদের সমাপনী প্রযোজনা হিসেবে এটি মঞ্চে এসেছে। সব মিলিয়ে বলা যায়, ঢাকার থিয়েটার আবার পুরোনো ছন্দ ফিরে পাচ্ছে।