হামের প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, টিকাদানের আওতা, টিকার প্রাপ্যতা এবং এসব বিষয়ে গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ চেয়ে রিট দায়ের হয়েছে। রিটে টিকাদানে ব্যর্থতা, টিকার অসহজলভ্যতা এবং দেরিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কারণ নির্ধারণে স্বাধীন তদন্তের নির্দেশও কামনা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা আবেদনকারী হয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটি দায়ের করেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, রিটটি শুনানির জন্য আগামী সপ্তাহে আদালতে উপস্থাপন করা হবে।

রিটে হামের প্রকোপে শিশুমৃত্যু রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না—এই বিষয়ে রুল জারির দাবিও উঠেছে। এছাড়া, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আক্রান্ত এলাকায় শারীরিক উপস্থিতিতে ক্লাস অস্থায়ীভাবে বন্ধ রেখে ভার্চুয়াল বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস চালিয়ে নেওয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।