ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে এক নারীকে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে আসিফ মাহমুদ ওরফে প্রিন্স (২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকার অদূরে সাভারের ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রতারণা ও ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত আলামত এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। সে চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

আজ বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মার্চ মাসের মাঝামাঝি একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীকে নক দিয়ে তার ও তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অব্যাহত হুমকিতে মান-সম্মান নষ্ট করার ভয় দেখিয়ে একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তে প্রাপ্ত তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে আসিফ মাহমুদকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ মাহমুদ ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সুকৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নেওয়া এবং পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আসিফ মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীর আশুলিয়া থানায় করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত চালাচ্ছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। সিআইডি ও বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণা নিয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া কোনো ডিভাইস বা সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফি বা একান্ত ব্যক্তিগত ছবি-ভিডিও সংরক্ষণ বা শেয়ার না করার বিশেষ আহ্বান জানাচ্ছে।