রাজশাহীতে স্বাধীনতার মাসে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’ নামে এক অনন্য এবং উদ্দীপক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৯ মার্চ স্থানীয় মুক্তকণ্ঠ রাজশাহী বন্ধুসভার সহায়তায় এই অলিম্পিয়াড আয়োজিত হয়। গণিত বা বিজ্ঞান অলিম্পিয়াডের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, রাজশাহী বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন সরকার এবং মুক্তকণ্ঠ রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।
এই অলিম্পিয়াডে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালার ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানিয়ে বলেন, পাঠ্যবইয়ের বাইরে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কতটুকু তাদের জানা আছে, তা পরীক্ষা করার জন্য এটি একটি চমৎকার মাধ্যম। তবে তাদের কাছে সবচেয়ে বড় অর্জন ছিল সরাসরি একজন বীর মুক্তিযোদ্ধাকে কাছাকাছি দেখা এবং তাঁর বীরত্বকাহিনী শোনা।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্যের আহ্বান জানানো হলে অন্যান্য স্কুলের পাশাপাশি রাজশাহী আলোর পাঠশালার দশম শ্রেণির শিক্ষার্থী জেসমিন খাতুন মঞ্চে উপস্থিত হন। মুক্তিযুদ্ধ সম্পর্কে তার জ্ঞান এবং অসাধারণ অভিব্যক্তি উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।






