বেসরকারি খাতের এলপিজির দাম এপ্রিল মাসে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বেড়েছে। ফলে বাজারে সবচেয়ে জনপ্রিয় ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা, অর্থাৎ ১২ কেজিতে মোট ৩৮৭ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার বিআরসি এই নতুন দাম ঘোষণা করেছে। দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ হয় ১ হাজার ৩৫৬ টাকা। পরে আমদানি শুল্ক কমানোর পর ২৪ ফেব্রুয়ারি ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়।

বিআরসি জানিয়েছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন প্রতি কেজি এলপিজির দাম ১৪৪ টাকা ৪ পয়সা। এই হারে বিভিন্ন সাইজের সিলিন্ডারের দাম নির্ধারিত হয়েছে। সংস্থাটি প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে। তবে বাজারে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারে বিক্রেতারা ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত। অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা হয়েছে। আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে বিআরসি এলপিজির দাম নির্ধারণ করে আসছে। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। সৌদি আরামকো প্রতি মাসে এই উপাদানের সৌদি কার্গো মূল্য (সিপি) প্রকাশ করে। বিআরসি এই সিপিকে ভিত্তি করে আমদানিকারক কোম্পানির ইনভয়েস মূল্য থেকে গড় করে ডলার হার নিয়ে মাসিক দাম সমন্বয় করে।