সারা দেশে একদিনে অভিযান চালিয়ে ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জানানো মতে, এসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার সম্পন্ন হয়েছে।
জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সরকার সারা দেশে অভিযান চালিয়ে যাচ্ছে। ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ৬৪ জেলায় মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্মসচিব) মনির হোসেন চৌধুরী এসব তথ্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল বুধবার ৩৮১টি অভিযান চালানো হয়। এতে ১৬৯টি মামলা হয়েছে। মোট ৮ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযানগুলোতে ২৫ হাজার ১৩২ লিটার ডিজেল, ১০ লিটার অকটেন ও ৩৯৫ লিটার পেট্রল জব্দ করা হয়েছে।
জ্বালানি বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ২ হাজার ৯টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা। কারাদণ্ড পেয়েছেন ২৪ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার ডিজেল, ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন ও ৭০ হাজার ৫৪ লিটার পেট্রল উদ্ধার হয়েছে।
জ্বালানি বিভাগ জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসাব দিয়েছে। এতে বলা হয়, দেশে বর্তমানে ডিজেলের মজুত ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, অকটেন ৯ হাজার ২১ টন, পেট্রল ১২ হাজার ১৯৪ টন ও জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন রয়েছে।
আগারগাঁওয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ
রাজধানীর আগারগাঁও এলাকায় তেল বিক্রির দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এই প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি তেল অবৈধভাবে মজুত ছিল।
র্যাব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান দুটির মালিক তেল মজুত রাখার কথা স্বীকার করেন। তাঁদের দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠানগুলোতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের মৌখিকভাবে সতর্ক করা হয়।






