চট্টগ্রামের মিরসরাইয়ে দস্যুতার মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বহিষ্কৃত নেতার নাম মো. মাসুদ কালা (৩২)। তিনি করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ ও সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ মাইনউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদাবাজির কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। ঘটনার পর ওই দিন রাতেই পুলিশ মাসুদ কালাকে গ্রেপ্তার করে। তাঁকে দস্যুতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, মাসুদ কালার বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ মুক্তকণ্ঠকে বলেন, "মঙ্গলবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাংগঠনিক তদন্তে মাসুদ কালার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।"

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক মুক্তকণ্ঠকে বলেন, "মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় মাসুদ কালার যুক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে আগের একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কেটে বালু লুট, দস্যুতাসহ থানায় ১২টি মামলা রয়েছে।"