জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা থানায় এক হত্যাচেষ্টা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন ওরফে বিথীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ জারি করেন। গত ১৭ মার্চ খাদিজাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান। শুনানির পর আজ আদালত এই নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারার নতুনবাজার এলাকায় আন্দোলনে অংশ নেন মো. সজিব খান। আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তিনি আহত হন। এই ঘটনায় ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের হয়।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার সময় খাদিজা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলায় জড়িতদের সঙ্গে তাঁকে উসকানিমূলক কথা বলতে দেখা গেছে—এমন তথ্য-প্রমাণ তদন্তে পাওয়া গেছে। তাই তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার প্রস্তাব করা হয়েছে।
আগে গত বছরের ১৫ ডিসেম্বর খাদিজাকে কুমিল্লা থেকে আটক করে র্যাব। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এরপর রাজধানীর হাতিরঝিল থানায় যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাধিকবার রিমান্ড নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, ২০২৫ সালের মে মাসে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।






