দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা তিনি ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি।

জাতীয় দল থেকে প্রায় সাত মাস দূরে থাকার পর ডুসেন অবসরের সিদ্ধান্ত নিলেও ঘরোয়া ক্রিকেটে লায়নসের প্রতিনিধিত্ব এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মেন্টর হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আজ সকালে ইনস্টাগ্রাম পোস্টে অবসর ঘোষণা করে ডুসেন লিখেছেন, “অত্যন্ত গর্ব এবং গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি গায়ে দেওয়াটা এমন এক অর্জন, যেখানে টিকে থাকতে হলে অদম্য সহনশীলতা ও নিবেদন প্রয়োজন; যা আপনার কঠিন পরীক্ষা নেবে, আবার অবিশ্বাস্য অর্জনেও ভরিয়ে দেবে। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”

লায়নস ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কোচ-কর্মকর্তা, এজেন্ট এবং স্ত্রী লারাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জনগণ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডুসেন। তরুণ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, “বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনে নিজের সবটুকু দিয়ে দাও।” শেষে আবেগময় বার্তায় লিখেছেন, “আমি আমার দেশকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।”

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন ডুসেন। ওয়ানডে ইতিহাসে এবি ডি ভিলিয়ার্সের (৫৪.১৭) পর দ্বিতীয় সর্বোচ্চ গড় (৫০.১৩) নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন তিনি। ওয়ানডেতে ৬৫ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ১৭ ফিফটি করে ২৬৫৭ রান করেছেন। এর মধ্যে ২০১৯ সালের শুরুতে প্রথম ৯ ম্যাচেই ৫টি ফিফটি করেছিলেন।

সেই ধারাবাহিকতায় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দলে স্থান পান। অবসর ভেঙে ফিরতে চাইলেও ডি ভিলিয়ার্সের ওপর আস্থা রাখেনি দক্ষিণ আফ্রিকা, ডুসেনকেই বিশ্বাস করেছে। সেই বিশ্বকাপই ছিল তার প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট। তখন তিনি স্বীকার করেছিলেন, ডি ভিলিয়ার্স ফিরলে “সরাসরি আমার জায়গাতেই প্রভাব পড়ত”। দক্ষিণ আফ্রিকার দল সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও ডুসেন তিনটি ফিফটি করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন।

টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচে ৫৩ ইনিংসে ৩৩.৪৭ গড়ে ১৪০৬ রান করেছেন ডুসেন। ১০ ফিফটি করে স্ট্রাইক রেট রেখেছেন ১২৮.৭৫। টেস্টে ৩২ ইনিংসে ৩০.১৬ গড়ে ৬ ফিফটি সহ ৯০৫ রান তুলেছেন।