জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো শঙ্কা নেই। আগামীকাল শুক্রবার চট্টগ্রামে ৬০ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ পৌঁছানোর কথা। এ মাসে আরও অন্তত চারটি জাহাজ ডিজেল নিয়ে আসছে বলে সরকার নিশ্চিত হয়েছে। ফলে মজুত কমলেও সরবরাহ অব্যাহত রাখতে জ্বালানি বিভাগ আপাতত নিরুদ্বিগ্ন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, এপ্রিলে ডিজেলের চাহিদা চার লাখ টন। বর্তমানে চলমান মজুত প্রায় সোয়া লাখ টন। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য আরও ৮০ হাজার টন ডিজেল মজুত রয়েছে। এ মাসে সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে।

জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দায়িত্ব পালন করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিপিসির সূত্র জানায়, নিয়মিত সরবরাহকারী চীনের কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর থেকে ৩ এপ্রিল (শুক্রবার) দুটি জাহাজে ৬০ হাজার টন ডিজেল আসছে। একই কোম্পানি এ মাসে আরও দুটি জাহাজে জ্বালানি তেল সরবরাহ করবে। এর মধ্যে একটিতে ৩০ হাজার টন ডিজেল এবং অন্যটিতে ১৫ থেকে ১৮ হাজার টন ডিজেলের সঙ্গে ১০ হাজার টন জেট ফুয়েল আসবে। এছাড়া ইন্দোনেশিয়ার কোম্পানি বিএসপি থেকে এ মাসে ৩০ হাজার টন করে দুটি জাহাজে ৬০ হাজার টন ডিজেল আসার কথা। চুক্তি অনুযায়ী ভারত থেকে পাইপলাইনে ২০ হাজার টন ডিজেল আসবে।

চাহিদার চেয়ে বাড়তি ডিজেল কেনা হয়েছে। নতুন নতুন উৎস থেকে ডিজেল আসছে। জ্বালানি তেলের কোনো সংকট হবে না
ইকবাল হাসান মাহমুদ, জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মুক্তকণ্ঠকে বলেন, চাহিদার চেয়ে বাড়তি ডিজেল কেনা হয়েছে। নতুন নতুন উৎস থেকে ডিজেল আসছে। পর্যাপ্ত অকটেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চাহিদার অতিরিক্ত তিন মাসের মজুত তৈরির পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে। তাই জ্বালানি তেলের কোনো সংকট হবে না।

নতুন উৎস থেকে আসবে ডিজেল

বিপিসি সূত্র বলছে, চাহিদা অনুসারে আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল আগে থেকে কেনা আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর সময়মতো জাহাজ আসতে না পারায় কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। গত মাসে ৬টি ডিজেলের জাহাজ আসতে না পারায় দেড় লাখ টন ডিজেলের মজুত কমেছে। এর মধ্যে যুদ্ধ নিয়ে আতঙ্কের কারণে বাড়তি জ্বালানি কেনার প্রবণতা তৈরি হয়েছে। গত বছরের মার্চের তুলনায় এবার মার্চে ডিজেল ও পেট্রল সরবরাহ কিছুটা কমানো হলেও অকটেনের সরবরাহ হয়েছে আগের চেয়ে বেশি।

জ্বালানি বিভাগ জানায়, এ অ্যান্ড এ এনার্জি অয়েল অ্যান্ড গ্যাস এলএলসি থেকে ২ লাখ টন ডিজেল, পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল থেকে ১ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে এক লাখ টন ডিজেল ও ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৬০ হাজার টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’ থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এগুলো সব নতুন উৎস। জরুরি পরিস্থিতি বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল কেনা হচ্ছে। তবে তারা এখনো সরবরাহের সময়সূচি নিশ্চিত করেনি। দ্রুত সরবরাহে তাগাদ দেওয়া হচ্ছে।

পরিশোধিত জ্বালানি হিসেবে ডিজেল, অকটেন, ফার্নেস তেল ও জেট ফুয়েল কেনা হয় বিভিন্ন দেশ থেকে। আর অপরিশোধিত জ্বালানি তেল আনা হয় সৌদি আরব ও আরব আমিরাত থেকে। এসব তেল দেশের একমাত্র সরকারি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) শোধন করে ডিজেল, পেট্রল, ফার্নেস তেলসহ বিভিন্ন জ্বালানি পাওয়া যায়।

হরমুজ পার হতে ইরানের সম্মতি

যুদ্ধ শুরুর পর কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি পাচ্ছে বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজ। ইরান এসব জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে। গতকাল বুধবার ঢাকায় ইরান দূতাবাসে সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন (বিস্তারিত তথ্য) পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানিসংকটে না পড়ে, সেদিকে ইরানের নজর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, অনুমতিপ্রাপ্ত ছয়টি জাহাজের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি এবং বাকি পাঁচটি ভাড়া জাহাজ। এসব জাহাজের দুটিতে জ্বালানি তেল ও চারটিতে এলএনজি আসার কথা।

পরিশোধিত জ্বালানি হিসেবে ডিজেল, অকটেন, ফার্নেস তেল ও জেট ফুয়েল কেনা হয় বিভিন্ন দেশ থেকে। অপরিশোধিত জ্বালানি তেল আনা হয় সৌদি আরব ও আরব আমিরাত থেকে। এসব তেল ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) শোধন করে বিভিন্ন জ্বালানি পাওয়া যায়। মাসে গড়ে ইআরএল থেকে ৬০ হাজার টন ডিজেল পাওয়া যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর সৌদি আরব ও আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি আসা বন্ধ। বর্তমান মজুত দিয়ে আর এক সপ্তাহ উৎপাদন ধরে রাখতে পারবে ইআরএল। তাই জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আনা হচ্ছে বলে জানিয়েছে বিপিসি।

এপ্রিলে পেট্রলের চাহিদা ৪৪ হাজার টন। এর মধ্যে স্থানীয় উৎস থেকে ৩৫ হাজার টন আসার কথা রয়েছে। বাকি ঘাটতি মেটাতে কিছু অকটেন পেট্রলে রূপান্তর করা হবে।

নিয়মিত সরবরাহকারী চীন, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পাশাপাশি নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত বা পরিশোধিত জ্বালানি আমদানিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করায় আগামী দুই মাসে রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিপিসি বলছে, এপ্রিলে পেট্রল ও অকটেন নিয়ে দুশ্চিন্তা নেই। এ মাসে অকটেনের চাহিদা ৩৭ হাজার টন। এর মধ্যে দেশের বেসরকারি শোধনাগার থেকে ৩০ হাজার টন অকটেন আসবে। এছাড়া ৫০ হাজার টন আমদানি হচ্ছে। ৬ এপ্রিল ২৫ হাজার টন নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ আসবে। এপ্রিলে পেট্রলের চাহিদা ৪৪ হাজার টন। এর মধ্যে স্থানীয় উৎস থেকে ৩৫ হাজার টন আসার কথা। বাকি ঘাটতি মেটাতে কিছু অকটেন পেট্রলে রূপান্তর করা হবে।