আলোচিত মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী সিমরিন লুবাবা জানিয়েছেন, তিনি এখনো বিয়ে করেননি, তবে বাগদান সেরে ফেলেছেন।

গতকাল রাতে তাঁর একটি ফেসবুক পোস্টের কারণে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজ সন্ধ্যায় আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করে বলেছেন লুবাবা।

বাগদত্তার সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।”

ছবিটি পেছন থেকে তোলা, তাই বাগদত্তাকে চেনা যায়নি। তাঁর পরিচয়ও দেওয়া হয়নি।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে তা বাল্যবিবাহ। কেউ কেউ মনে করছেন, লুবাবার বয়স এখনো ১৮ হয়নি।

এই আলোচনার মধ্যে লুবাবা ফেসবুকে লিখেছেন, তিনি এখনো বিয়ে করেননি। তাঁর কথায়, “বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।”

সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ার পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয় শুরু করেন। শিশুশিল্পী হয়ে জনপ্রিয়তা অর্জনের পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে নামেন।

তবে গত বছরের শেষভাগে হঠাৎ বিনোদনজগৎ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন লুবাবা।