জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে পড়ায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান ও তানভীর নিয়াজ ফাহিম। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আল সিয়াম বলেন, "সেমিনার রুমে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে দুজন আহত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।"
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসের পুরোনো কয়েকটি ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারকাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে একাধিকবার ওই সব ভবনে শিক্ষা কার্যক্রম স্থগিত করলেও মানসম্মত সংস্কার হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঘটনার পরপরই উপাচার্য রইস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে গণিত বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন। তাঁরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে ভবন মেরামতের দাবি জানান।






