বিশ্বের ৭০টির বেশি দেশে সম্প্রচার হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’, এর জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকছে। এই সিরিজটি দীর্ঘদিনের পারিবারিক রক্তক্ষয়ী শত্রুতার মধ্যে দিলান ও বারান নামক দুই তরুণের প্রেম ও সংগ্রামের কাহিনি তুলে ধরে। রেইনস পিকচার্স ও ইউনিক ফিল্ম নির্মাণ করেছে ধারাবাহিকটি, যা তুরস্কে কানাল ৭-এ প্রচারিত হচ্ছে।
রক্তক্ষয়ী শত্রুতা থেকে প্রেম
কেন্দ্রীয় চরিত্র দিলান ও বারানের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াগমুর ইউকসেল ও বারিশ বাকতাস। দুই পরিবার দীর্ঘকাল ধরে একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করে আসছে। শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁদের বিয়ে করতে বাধ্য করা হয়।
শুরুতে তাঁদের সম্পর্ক ছিল অস্বীকৃত, একে অপরকে পছন্দ করতেও দ্বিধা করতেন। কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝতে পারেন যে, তাঁদের মধ্যে জাগ্রত টুকরো টুকরো আকর্ষণ একদিকে প্রেমের সূচনা করতে পারে, অন্যদিকে পুরো জীবন ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। দর্শকরা প্রতিটি দৃশ্যে দেখেছেন, কীভাবে ছোট ছোট নীরব অনুভূতি, চুপচাপ টান এবং মানসিক টানাপোড়েন ধীরে ধীরে গভীর সম্পর্কের দিকে এগোয়।
আন্তর্জাতিক সাফল্য: ৭০টির বেশি দেশে দর্শকপ্রিয়তা
‘ভেনডেটা’ শুধু তুরস্কেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক সফলতা পেয়েছে। জর্জিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, ইউক্রেন, কাজাখস্তান এবং সাব-সাহারান আফ্রিকায় এটি প্রচুর দর্শক আকর্ষণ করছে। বিশেষ করে জর্জিয়ায় প্রাইম টাইমে এটি শীর্ষস্থানীয় ধারাবাহিক হয়ে উঠেছে।
বিপণন সংস্থা গ্লোবাল এজেন্সির প্রধান ইজেট পিন্টো বলেন, “আমরা সিরিজটি আন্তর্জাতিকভাবে বিপণন শুরুর পর থেকেই এটি আলোচিত হয়েছে। যেকোনো দেশে সম্প্রচার শুরু হলেই এটি শীর্ষস্থান দখল করে নেয়। দর্শকের সঙ্গে সংযোগ এত গভীর যে তারা চরিত্র এবং গল্পের সঙ্গে আবদ্ধ হয়ে যায়।”
প্রধান চরিত্র ও তারকা শক্তি
মূল অভিনেতারা প্রথমে নতুন মুখ হলেও, তাঁদের অভিনয়, আবেগপ্রবণতা এবং চরিত্রের গভীরতার কারণে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন। ইজেট পিন্টো আরও জানান, তাঁদের অনুগামী সংখ্যা এক মিলিয়নেরও বেশি, যা ধারাবাহিকের দর্শকপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। দিলান চরিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁকে একজন শক্তিশালী নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি শুধু প্রেমে নয়, বরং পরিবার, ন্যায় এবং নিজের পরিচয় রক্ষায়ও দৃঢ়।
নারী সৃজনশীল দলের অবদান
‘ভেনডেটা’র সৃজনশীল দলের একটি বড় অংশ, বিশেষ করে চিত্রনাট্যকারেরা নারী। তাঁদের দৃষ্টিভঙ্গি গল্প বলার ধরনে নতুনত্ব এনেছে। একদিকে প্রেম, প্রতিশোধ এবং নৈতিক দ্বন্দ্বের কাহিনি দর্শকদের মোহিত করছে, অন্যদিকে নারী চরিত্রের স্বতন্ত্রতা গল্পে ভারসাম্য বজায় রাখছে।
বন্ধুত্ব ও আন্তর্জাতিক ভক্তশ্রেণি
ধারাবাহিকের গল্প কেবল প্রেমের নয়, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক বন্ধনের ওপরও দৃষ্টি রাখে। দর্শকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিচ্ছেন, মিম তৈরি করছেন। বিশ্বজুড়ে এটি নিয়ে অন্তর্জালে আলোচনা চলছে। ফলে ‘ভেনডেটা’ শুধু সিরিজ হিসেবে নয়, একটি আন্তর্জাতিক ভক্তশ্রেণিও তৈরি করেছে।
দর্শকের সঙ্গে সংযোগ
‘ভেনডেটা’র জনপ্রিয়তার আরেকটি কারণ এটির বাস্তবধর্মী উপস্থাপনা। গল্পের টানাপোড়েন, চরিত্রের বিকাশ এবং সামাজিক দৃষ্টিকোণ দর্শকের কাছে গভীরভাবে প্রভাব ফেলছে। এতে করে প্রতিটি দৃশ্যই শুধু বিনোদন নয়, বরং দর্শকের ভাবনার ক্ষেত্রকে প্রসারিত করছে।
ভ্যারাইটি অবলম্বনে






