ঝালকাঠির কাঠালিয়ায় জেলেদের জালে বঙ্গোপসাগর থেকে একটি বিশাল খটক বা করাতি মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গোপসাগর থেকে মাছটি ধরে কাঠালিয়ার আমুয়া মৎস্যবন্দরে নিয়ে আসেন একদল জেলে। আনুমানিক ২৫ মণ ওজনের এই মাছটি স্থানীয় বাজারে নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি হয়।

স্থানীয় জেলেরা জানান, কাঠালিয়া উপজেলা বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক জেলেরা নিয়মিত গভীর সমুদ্রে মাছ ধরতে যান। তেমনই একটি দলের জালে এই বিশাল খটক বা করাতি মাছটি আটকে পড়ে। নিলামে মাছটি কিনে নেন আমুয়ার মাছের আড়তদার আবদুল হাই সরদার। পরে বেশি দামে বিক্রির আশায় তিনি মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে পিরোজপুরের পারেরহাট মৎস্যবন্দরে নিয়ে যান।

স্থানীয় লোকজন জানান, এ ধরনের বড় আকৃতির মাছ এখন কমই ধরা পড়ে। ফলে বিষয়টি এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। আবদুল হাই সরদার বলেন, দীর্ঘদিন পর এমন বড় মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন। পরে মাছটি কেটে ভাগ করে বিক্রি করা হবে।