সোশ্যাল মিডিয়ায় যেকোনো অদ্ভুত খবর দ্রুত ভাইরাল হয়ে যায়। গত কয়েক দিনে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এমন এক খবর যে, লাক্সারি ব্র্যান্ড গুচি ৫০ হাজার টাকার বেবি ডায়াপার বাজারে আনছে। এই খবরে অনেকে অবাক হয়েছেন, কেউ বিশ্বাস করেছেন, কেউ মজা করেছেন আর কেউ ক্ষুব্ধ হয়েছেন। এর মধ্যে উঠেছে প্রশ্ন—লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড কতদূর যেতে পারে? আসলে গুচি কি সত্যিই ডায়াপার বাজারে নামছে?
ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড গুচি তাদের হাই-ফ্যাশন পণ্যের লিস্টে শিশুদের ডায়াপার যুক্ত করছে। প্রিমিয়াম কাশ্মীরি কাপড় ও বিলাসবহুল ব্যাগের জন্য বিখ্যাত এই ব্র্যান্ড এবার বেবি কেয়ার পণ্যে হাত দিচ্ছে। তবে নেটিজেনরা সবচেয়ে বেশি অবাক হয়েছেন দাম শুনে—এক প্যাকেট ডায়াপারের মূল্য ৪৯০ ডলার (বাংলাদেশি ৫০ হাজার টাকার বেশি)!
খবর ছড়াতেই ইন্টারনেট জুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়। ডায়াপারের ছবি নিয়ে মিমগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এত দামি ডায়াপারের ব্যবহারযোগ্যতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ফলে ‘Gucci diapers’ দ্রুত ট্রেন্ডিং হয় এবং ইনফ্লুয়েন্সারদের শেয়ারে এর জনপ্রিয়তা বাড়তে থাকে।
ছবি-তথ্য দেখেও অনেকের মনে প্রশ্ন রয়ে গেছে—গুচি কি সত্যিই এত দামি শিশুদের ডায়াপার বাজারে আনছে?
এর উত্তর এককথায় ‘না’। এখন পর্যন্ত গুচি এই পণ্য বাজারে আনার কোনো ঘোষণা দেয়নি। একাধিক ফ্যাক্ট চেক থেকে জানা যায়, এই দাবির কোনো ভিত্তি নেই।
গুজবের উৎস সম্ভবত একটি মজার সোশ্যাল মিডিয়া পোস্ট। একজন কনটেন্ট ক্রিয়েটর এনগেজমেন্ট বাড়াতে এআই-জেনারেটেড গুচি ডায়াপারের ছবি নিয়ে পোস্ট করেন। এটি দ্রুত শেয়ার হয়ে হাস্যকর থেকে সত্যিকারের খবর বলে পরিণত হয়।
সূত্র: স্কোপ উইকলি, আলবাওয়াবা ও লেটেস্ট লাইফস্টাইল
যদিও এই দাবি মিথ্যা, তবু অনেকে এটাকে বিশ্বাস করেছেন কারণ গুচির লাক্সারি বেবি সেগমেন্ট আছে। সেখানে তারা উচ্চমানের শিশুদের পোশাক, জুতো এবং ডিজাইনার ডায়াপার ব্যাগ বিক্রি করে। ব্র্যান্ডের ভক্তরা তাই প্রিমিয়াম ডায়াপারের খবরে বিশ্বাস করে ফেলেছেন।






