স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭১ বছর। মুক্তকণ্ঠকে এই খবর নিশ্চিত করেছেন তাঁর খালাতো বোন নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
জানা গেছে, ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কয়েকদিন অসুস্থতায় ভুগছিলেন এবং হাসপাতাল–বাড়ি–হাসপাতালের চক্করে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
সাদিয়া আফরিন মল্লিক জানান, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। ডালিয়া নওশীনের দুই ছেলের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে থাকেন।
বেগম ডালিয়া নওশিন একজন বাংলাদেশি নজরুল সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০২০ সালে তাঁকে একুশে পদক প্রদান করে। ডালিয়া নওশীন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে।






