জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে গাড়ি ও মোটরসাইকেল চালকরা পাম্পের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। অকটেনের লম্বা লাইন দেখে অনেকে ভাবছেন, আজ না হয় পেট্রলই নিই, তাতে কি বড় ক্ষতি? অকটেনে অভ্যস্ত ইঞ্জিনে পেট্রল নিলে আসলে কী ঘটে? এ বিষয়ে জানাচ্ছেন টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ম্যানেজার (সার্ভিস) অমিতকান্তি পাল।
সহজ কথায়, অকটেন কোনো আলাদা জ্বালানি নয়, এটি জ্বালানির দহনক্ষমতা পরিমাপের একক। বাজারে অকটেন নামে যেটা পাওয়া যায়, তা উচ্চমানের পরিশোধিত পেট্রল, যার অকটেন রেটিং ৯৫ বা তার বেশি।
ইঞ্জিনের ভিতরে বাতাস ও জ্বালানির মিশ্রণে পিস্টন চাপ দিলে সেটি স্পার্ক প্লাগের আগুনের আগেই জ্বলে উঠতে চায়। যদি জ্বালানি এই অকালদহন রোধ করতে পারে, তবেই তা উচ্চমানের। অকটেন রেটিং যত বেশি, জ্বালানি তত বেশি চাপ সহ্য করতে পারে।
পেট্রোল ও অকটেন দুটোই হাইড্রোকার্বন-ভিত্তিক জ্বালানি। তবে আধুনিক গাড়ি বা হাই-পারফরম্যান্স বাইকগুলো নির্দিষ্ট কম্প্রেশন রেশিও মেনে তৈরি। গাড়ির ম্যানুয়ালে অকটেনের নির্দেশ থাকলে পেট্রল এড়িয়ে চলাই ভালো। জরুরিতে সামান্য পেট্রল নিয়ে পরবর্তী পাম্পে যাওয়া যায়, কিন্তু নিয়মিত করা উচিত নয়।
অকটেনের বদলে পেট্রল ব্যবহার করলে ইঞ্জিনে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল সমস্যা দেখা দেয়। পেট্রলের দহনক্ষমতা কম, ফলে পিস্টন ওঠার আগেই জ্বালানি জ্বলে যায়। এতে ইঞ্জিন থেকে ধাতব ঠকঠক শব্দ হয়, যা নকিং নামে পরিচিত। এটি পিস্টন ও সিলিন্ডারের মারাত্মক ক্ষতি করে। উচ্চক্ষমতার ইঞ্জিনে পেট্রল নিলে গাড়ির শক্তি কমে, গতি ও মাইলেজ নষ্ট হয়। অকটেন পরিষ্কারভাবে জ্বলে, কিন্তু পেট্রল না জ্বলায় ইঞ্জিনের ভাল্ভ ও স্পার্ক প্লাগে কার্বন জমে। এতে ইঞ্জিনের আয়ু কমে এবং দহনপ্রক্রিয়ার অসামঞ্জস্যে ইঞ্জিন গরম হয়ে সিজ করতে পারে।
- প্রতিটি গাড়ির সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল থাকে। সেখানে স্পষ্ট লেখা থাকে, আপনার গাড়ির জন্য কত রেটিংয়ের জ্বালানি প্রয়োজন। সেটি মেনে চলাই সবচেয়ে নিরাপদ।
- অনেকেই মনে করেন, অর্ধেক পেট্রল আর অর্ধেক অকটেন মিশিয়ে নিলে সাশ্রয় হবে। এটি ভুল ধারণা। এতে জ্বালানির মান ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সেন্সরযুক্ত আধুনিক ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।
- যদি ভুলবশত পেট্রল ব্যবহার করে ফেলেন, তবে দ্রুত একজন বিশেষজ্ঞ মেকানিক দিয়ে স্পার্ক প্লাগ এবং ফুয়েল ফিল্টার পরিষ্কার করিয়ে নিন।
- শুধু অকটেন বা পেট্রল বাছাই করলেই হবে না, জ্বালানির মান যেন খাঁটি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই বিশ্বস্ত পাম্প থেকে জ্বালানি নিতে চেষ্টা করুন।
সামান্য টাকা বাঁচাতে অকটেনের বদলে পেট্রল ব্যবহার করলে সাময়িকভাবে গাড়ি চললেও দীর্ঘমেয়াদে বড় ক্ষতি হয়। আধুনিক বাহনে নির্দিষ্ট মানের জ্বালানি ব্যবহার করুন।






