চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় সাধক হজরত শাহ সোলায়মান (র.) ওরফে লেংটা বাবার মাজারের খাদেম মতিউর রহমান ওরফে লাল মিয়া (৬০)-কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই মাজারের চারপাশে চলমান মেলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মতিউর রহমান এই মেলার অন্যতম আয়োজক। তাঁর বাড়ি উপজেলার বেলতলী এলাকায় অবস্থিত। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল সকালে বেলতলী এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই সাত দিনব্যাপী এই মেলা শুরু হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, মেলায় মাদক সেবন ও জুয়া খেলায় বাধা দেওয়ায় মতিউর রহমানের ওপর হামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মেলা এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকের আসর বসে। এছাড়া কয়েকটি স্থানে জুয়ার আসরও চলছিল। এসব কাজে বাধা দেন মতিউর রহমান। এতে ক্ষুব্ধ হয়ে মাদকসেবী ও জুয়াড়িরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একসময় ধারালো দা দিয়ে মতিউরের মাথাসহ শরীরের আরও কয়েকটি অংশে রক্তাক্ত আঘাত লাগে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মেলা এলাকায় মাদক কেনাবেচা-সেবন ও জুয়া বন্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে মতিউর রহমান মুক্তকণ্ঠকে বলেন, গতকাল সন্ধ্যায় তাঁর এই প্রচেষ্টায় বাধা দিয়ে হামলা চালান কয়েকজন মাদকাসক্ত ও জুয়াড়ি ব্যক্তি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মেলায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।