নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে (৩০) পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার উচিতপুর বাজার এলাকা থেকে তাকে ধরে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ইসমাঈল উপজেলার চরকমলাপুর এলাকার বাসিন্দা। তিনি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হলেও থানাহেফাজত থেকে কৌশলে পালিয়ে যায়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয় এবং পুলিশ প্রশাসনে আলোচনা শুরু হয়।

তারপর ইসমাঈলকে ধরতে গোয়েন্দা নজরদারি ও একাধিক দল মাঠে নামে। এই ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে উচিতপুর বাজারে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। বিল্লাল হোসেন বাদী হয়ে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, থানায় আসার পর নিজের বিরুদ্ধে মামলা থাকার কথা জানতে পেরে ইসমাঈল কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়। তাঁকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।