পথচারীদের সহজ চলাচল নিশ্চিত করতে এবং সড়কে যানজট এড়াতে রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় পুলিশ ফুটপাত-রাস্তা দখলকারী অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কের দুপাশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাত-সড়ক দখল করে রাখা ছোট দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং মালামাল সরিয়ে নেওয়া হয়।

এছাড়া সড়কপাশে অবৈধভাবে পার্ক করা বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। দোকানের সামনের ফুটপাতে জিনিসপত্র রাখায় কয়েকজন দোকানির জরিমানাও আদায় করা হয়।

ফুটপাতে সিমেন্টের বর্গাকার প্রতিবন্ধকতা রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টিকারীদের পুলিশ শেষবারের মতো সতর্ক করে।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “গত ২৩ মার্চ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গণবিজ্ঞপ্তি পেয়ে অনেকে ফুটপাত-সড়ক থেকে সরে গেছেন। এরপরও যাঁরা রয়ে গেছেন, তাঁদের সতর্ক করা হয়েছে। কাউকে কাউকে জরিমানাও করা হয়েছে।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী রোমানা নাসরিন জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত-রাস্তা দখলকারী দোকানপাট উচ্ছেদ শুরু করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

অভিযানের পর দোকানপাট আবার বসে যাওয়া নিয়ে এক প্রশ্নে রোমানা নাসরিন বলেন, ‘আমরা আবার উচ্ছেদ করব। এটি চলমান থাকবে।’