আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় পাঁচ দিন ধরে চলা বিক্ষিপ্ত বৃষ্টি কমে আসতে পারে। এর জায়গায় গরম বাড়তে শুরু করেছে আজ বুধবার থেকেই। এমন অবস্থা আরও অন্তত চার দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে রোদ উঠেছে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। ঢাকার কাছাকাছি ময়মনসিংহের দিকে ঘন মেঘ দেখা যাচ্ছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। এ কারণে ঢাকার আকাশেও মেঘলা দেখা যাচ্ছে বলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন। তিনি বলেন, তবে এর প্রভাবে অন্তত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। হলেও সামান্য হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। এরপর রংপুরে হয়েছে ১৪ মিলিমিটার। এ ছাড়া নরসিংদী, ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে।

আজ উল্লিখিত চার বিভাগে বৃষ্টির কারণে সেসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামীকাল থেকে সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন। তিনি আজ মুক্তকণ্ঠকে বলেন, আসলে আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামীকাল থেকে আরও বাড়তে পারে। এ অবস্থা থাকতে পারে অন্তত চার দিন।