শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে রাতের আঁধারে এক ব্যবসায়ী সাত হাজার লিটার ডিজেল মজুত করছিলেন। খবর পেয়ে নড়িয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে ডিজেল জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ ডিজেল আজ উন্মুক্ত নিলামে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোজেশ্বর বাজারে জুয়েল সরদার নামের এক ব্যবসায়ী বিভিন্ন পণ্য বিক্রি করেন। গতকাল রাতে তিনি জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কলরিতে করে সাত হাজার লিটার ডিজেল মজুত করতে ভোজেশ্বর বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস পুলিশ সদস্যদের সঙ্গে অভিযান চালান।

এসময় জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়।

লাকী দাস মুক্তকণ্ঠকে জানান, পদ্মা পেট্রোলিয়ামের বরিশাল ডিপো থেকে একটি ট্যাঙ্কলরিতে করে সাত হাজার লিটার ডিজেল ঝালকাঠিতে এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। সেই ডিজেল ঝালকাঠি না নিয়ে নড়িয়ার ভোজেশ্বরের এক ব্যবসায়ী তাঁর প্রতিষ্ঠানে মজুত করছিলেন। তিনি বলেন, ওই ব্যক্তি বিভিন্ন সময়ে খুচরা বাজারে ডিজেল বিক্রি করে থাকেন। কিন্তু জ্বালানি তেল বিক্রির তাঁর কোনো লাইসেন্স নেই। দেশে ডিজেলের সংকট চলছে, এমন পরিস্থিতিতে অবৈধভাবে মজুত ও অনুমোদন ছাড়া বিক্রি নিষিদ্ধ। তাই পেট্রোলিয়াম আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর জব্দ করা ডিজেল উন্মুক্ত নিলামের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করা হবে। বিক্রি করা সেই অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়া হবে।

ব্যবসায়ী জুয়েল সরদার বলেন, ‘কৃষকের প্রয়োজনীয় সার, বীজ ও ডিজেল বিক্রি করার দোকান আমার। বিভিন্ন সময় আমি বিভিন্ন মোকাম থেকে এসব পণ্য সংগ্রহ করে কৃষকদের কাছে বিক্রি করি। যেহেতু ডিজেলের সংকট চলছিল, তাই বরিশাল ডিপো থেকে ঝালকাঠির এক ব্যবসায়ীর মাধ্যমে সাত হাজার লিটার ডিজেল সংগ্রহ করেছিলাম। এটা যে এই মুহূর্তে করা যাবে না, তা আমি বুঝতে পারিনি।’