ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওতে এক সৌদিপ্রবাসী ডাকাতদের হাতে পড়েছেন। এ ঘটনায় প্রবাসীকে নিয়ে যাওয়া মাইক্রোবাসের চালক গুলিবিদ্ধ হয়ে আহত.
আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর সেতুর ওপর ঘটনাটি ঘটে। ডাকাতরা সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেনের পাসপোর্ট, মুঠোফোন, সৌদি রিয়ালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
চাঁদপুর সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন মঙ্গলবার সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ি ফেরার পথে আষাড়িয়ারচর সেতুর ওপর ৪টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কারে করে ১০-১২ জন ডাকাত দেলোয়ারকে বহনকারী মাইক্রোবাস আটকে দেয়। একপর্যায়ে মাইক্রোবাসের চালকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। পরে ডাকাতদের একজন চালক ফিরোজ মিয়ার ডান হাতে গুলি করে। এরপর তারা প্রবাসীর পাসপোর্ট, মুঠোফোন, সৌদি রিয়ালসহ বিভিন্ন মালপত্র লুটপাট করে নিয়ে যায়।
ভোলার তজুমুদ্দিনের বাসিন্দা আহত চালক ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিববুল্লাহ বলেন, ডাকাতির চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে ডাকাতেরা সব মালামাল লুট করতে পারেনি। তবে গুলিতে প্রবাসীকে বহনকারী গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে।






