তামিল সিনেমার জনপ্রিয় তারকা থেকে রাজনীতির মাঠে নামলেন থালাপতি বিজয়। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তাঁর হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য উঠে এসেছে।

নগদ থেকে বিলাসবহুল গাড়ি—সম্পদের বিবরণ
হলফনামা অনুসারে, বিজয়ের মোট সম্পদ ৬০৩ কোটি রুপি। এর মধ্যে অস্থাবর সম্পদ প্রায় ৪০৪ দশমিক ৫৮ কোটি রুপি এবং স্থাবর সম্পদ ১৯৮ দশমিক ৬২ কোটি রুপি। তাঁর সম্পদে কোদাইকানালে কৃষিজমি এবং চেন্নাইসহ বিভিন্ন স্থানে বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি রয়েছে।

হাতে নগদ অর্থ প্রায় দুই লাখ রুপি। ব্যাংক হিসাবে জমা আছে ২১৩ কোটির বেশি। সোনা-রুপার গহনা ৮৮৩ গ্রাম, মূল্য প্রায় ১৫ লাখ রুপি। বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ ও টয়োটার কয়েকটি মডেল।

বার্ষিক আয় ১৮৪ কোটি
২০২৪-২৫ অর্থবছরে তাঁর মোট আয় ১৮৪ দশমিক ৫৩ কোটি রুপি। আয়ের উৎস স্বনিযুক্ত কাজ, সুদ এবং সম্পত্তি থেকে ভাড়া।

স্ত্রী-পরিবারের সম্পদ ও ঋণের তথ্য
স্ত্রী সংগীতার মোট সম্পদ ১৫ দশমিক ৭৬ কোটি রুপি। এর মধ্যে অস্থাবর সম্পদ ১৫ দশমিক ৫১ কোটি এবং স্থাবর সম্পদ ২৫ লাখ রুপি।

বিজয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য ঋণ দিয়েছেন। স্ত্রী সংগীতাকে ১২ দশমিক ৬ কোটি রুপি। এ ছাড়া বাবা এস এ চন্দ্রশেখর, মা শোভা শেখর, ছেলে জেসন সঞ্জয় এবং মেয়ে দিব্যা সাশাকেও ঋণ দিয়েছেন। রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কড়গমর সাধারণ সম্পাদক এন আনন্দকেও তিন কোটি রুপি ঋণ দিয়েছেন। কিছু ট্রাস্ট ও ব্যক্তিকেও বড় অঙ্কের সাহায্য করেছেন।

কোনো ফৌজদারি মামলা নেই
হলফনামায় বিজয় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এবং তিনি কখনো কোনো অপরাধে দণ্ডিত হননি।

শিক্ষা: কলেজে ভর্তি, শেষ করেননি
১৯৮৯ ও ১৯৯১ সালে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণি পাস। বিএসসি-তে ভর্তি হলেও পড়াশোনা সম্পন্ন করেননি।

রাজনীতির নতুন অধ্যায়
প্রথমবার নির্বাচনে লড়ছেন বিজয়। মনোনয়ন জমা দিয়ে প্রচার শুরু করেছেন। নির্বাচনী প্রচারে তিনি বলেছেন, বিলাসবহুল জীবন ছেড়ে মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছেন। তাঁর ভাষায়, এই নির্বাচন হবে তাঁর দল ও ক্ষমতাসীন শক্তির মধ্যে সরাসরি লড়াই।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে